ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৯:৫৮, ২৯ এপ্রিল ২০২২
ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
ছবি: সংগৃহীত

দুদিন আগে থেকে অগ্রিম টিকিটে ট্রেনে করে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীর মানুষ। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় থাকলেও ঈদে ঘরমুখো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। এর ফলে ট্রেনে স্বস্তির ঈদযাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা।

শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় সবগুলো ট্রেন যথাসময়ে কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এতে বেশ স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছেন যাত্রীরা।

দুপুর ১টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনে বসে ছিলেন আকতারুজ্জামান। তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর ঈদে বাড়ি যাওয়া হয়নি। এবার মা-বাবার সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছেন। ট্রেনে টিকিট কাটা নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু আজকের ব্যবস্থাপনায় সন্তুষ্ট।

Advertisement

শিডিউল অনুযায়ী, বনলতা এক্সপ্রেস ট্রেনটির বেলা ১টা ৩০ মিনিটে ছাড়ার কথা। নির্দিষ্ট সময়ের আগে থেকেই প্ল্যাটফর্মে ছিল ট্রেনটি।

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মো. সেলিম আহমেদ বলেন, আমি অনলাইনে টিকিট কিনেছিলাম। আমার ও আমার স্ত্রীর মোবাইল থেকে ট্রাই করে না পেলেও অফিসের কম্পিউটার থেকে চেষ্টা করে পেয়েছি। দুই বছর পর বাড়িতে ঈদ করতে পারব, এটা স্বস্তির। আর ট্রেন ঠিক সময়ের আগেই প্ল্যাটফর্মে এসেছে।

এদিকে, যানজটের ভয়ে ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে এসে বসেছিলেন যাত্রীরা। দুপুরে পুরো প্ল্যাটফর্মে মানুষের সরব উপস্থিতি ছিল। তবে ট্রেন ছাড়লেই প্লাটফর্ম শূন্য। হুইসেল বাজিয়ে একেকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ছে, আরেকটি ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। ঠিক সময়মতো ট্রেন ছাড়ায় সন্তুষ্ট হয়েছেন যাত্রীরাও।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেছেন, শুক্রবার তৃতীয় দিনের মতো ঈদযাত্রা করছেন মানুষ। আজ সারাদিনে দেশের বিভিন্ন গন্তব্যে ১২২টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। এরমধ্যে চারটি স্পেশাল ট্রেন রয়েছে।

আমিনুল হক বলেন, সকাল ১১টা পর্যন্ত দুটি ট্রেন স্টেশনে আসতে বিলম্ব করলেও আমরা দ্রুত চেষ্টায় আধা ঘন্টার মধ্যেই সেগুলোকে গন্তব্যে যেতে ছেড়ে দিতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!