ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাসে যাত্রী পরিবহনে র‌্যাবের ৪ নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৫৪, ৮ আগস্ট ২০২২
বাসে যাত্রী পরিবহনে র‌্যাবের ৪ নির্দেশনা 
ফাইল ফটো

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী রতনসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। টিকিট না কেটে রাস্তার মাঝ থেকে যাত্রী নেয়ায় এ ঘটনার অন্যতম কারণ বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব বলেছে, কাউন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর দিয়ে টিকিট কাটলে মহাসড়কে ডাকাতির ঘটনা কমে আসবে। এছাড়া রাস্তা থেকে ভুলেও যাত্রী তোলা যাবে না।

Advertisement

সোমবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ১০ ডাকাত গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

এ সময় বাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলার কথা বলেন। এর মধ্যে রয়েছে-

১. পথে কোনো যাত্রী তোলা যাবে না।
২. ব্যাগসহ যাত্রীকে স্ক্যান ছাড়া গাড়িতে তোলা যাবে না।
৩. এনআইডি ছাড়া টিকিট দেওয়া যাবে না।
৪. সব যাত্রীর নিরাপত্তার জন্য বাসে সিসি ক্যামেরা লাগাতে হবে।

এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ডাকাতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার রতন এর আগে ১০টি বাসে ডাকাতি করেছে। তবে শ্লীলতাহানি বা ধর্ষণের মতো ঘটনা এর আগে কোনো বাসে করেনি বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদে বিষয়টি পরে জানা যাবে।

গ্রেফতারদের মধ্যে কে কে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল- এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি ও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে শ্লীলতাহানির সঙ্গে কারা জড়িত ছিল।

স্ক্যান ছাড়া বাসে যাত্রী নেয়ায় ঝুঁকিপূর্ণ জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, যদি কোনো যাত্রী বোমা নিয়ে বাসে ওঠে তাহলে সেটি বাসে থাকা সব যাত্রীর জন্য বিপজ্জনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!