ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে যেসব নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২২:৪৪, ৩১ জুলাই ২০২২
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে যেসব নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগসহ অধীনস্থ অধিদফতর, দফতর, সংস্থায় ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার এ বিভাগের উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কারিগরি-মাদরাসা বিভাগের সব অনুবিভাগ এবং অধীনস্থ অধিদফতর-দফতর-শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে। সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইন-ভার্চুয়ালি করতে হবে। গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করতে হবে। এ বিভাগ এবং অধীনস্থ অধিদফতর-দফতর-সংস্থা-শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। দিনে জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীনে সব দফতর-সংস্থা-শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা এবং জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে পাঠাতে হবে।

এর আগে, ২৪ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি এবং বিদ্যুৎ ব্যয় কমাতে হবে। নির্দেশনায় আরো বলা হয়, ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় ও ২০ শতাংশ জ্বালানি খরচ কমাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!