ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইজতেমায় মুসল্লিরা পাচ্ছেন ১১টি ফ্রি সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৭, ২১ জানুয়ারি ২০২৩
ইজতেমায় মুসল্লিরা পাচ্ছেন ১১টি ফ্রি সেবা
ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। এ পর্বে ৮ হাজারের বেশি বিদেশি মেহমানের পাশাপাশি কয়েক লাখ বাংলাদেশি মুসল্লি অংশ নিয়েছেন। 

এসব মুসল্লির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১১টি হেলথ বুথ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদফতর, যেগুলো থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদফতরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও।  

শনিবার (২১ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, বুথে আসা বেশিরভাগ মুসল্লি ডায়রিয়া এবং জ্বরের ওষুধ নিচ্ছেন। ফ্রি ওষুধ নিতে দীর্ঘ লাইন থাকলেও মুসল্লিরা শুকরিয়া আদায় করছেন।

Advertisement

এসব বুথ থেকে ওমিপ্রাজল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোস্কিসিলিন, ওরাল স্যালাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে৷ 

সিলেট থেকে আসা কুতুব আলী বলেন, আমি ডায়রিয়ার ওষুধ নিতে এসেছি৷ লাইন অনেক বড়, তাই একটু কষ্ট হচ্ছে। তবে বিনামূল্যে ওষুধ পেয়ে ভালো লাগছে৷

ফয়সাল মিয়া নামে একজন বলেন, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে জেনে ভালো লাগছে। দীর্ঘ লাইন থাকায় বৃদ্ধদের কিছুটা সমস্যা হচ্ছে। 

এসব বিষয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারেক হাসান বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় ফ্রি মেডিকেল বুথে আমাদের মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ফার্মাসিস্টের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে রোগীরা জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের চিকিৎসা পাচ্ছেন। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে৷

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!