সোমবার দুপুরে র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে সংস্থাটির মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে সদস্যদের এ পদক তুলে দেওয়া হয়।
রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছর বিশেষ সম্মাননা (সাহসিকতা) ৩৫ জন ও বিশেষ সম্মান (সেবা) পুরস্কার পেয়েছেন ৫০ র্যাব সদস্য।
.png)
অনুষ্ঠানে র্যাব সদস্যদের আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এ বছর প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পেয়েছে ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে র্যাবের অন্য সদস্যের পাশাপাশি র্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উদ্ধার কাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত কুকুর ‘চিতা’ তিনজন ব্যক্তির মৃতদেহের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এ বীরত্বপূর্ণ কাজে র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত হয়েছে ‘চিতা’।