এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে ছেলেদের রিকার্ভ ইভেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। শনিবার (১৮ মার্চ) সেমিফাইনালে প্রতিবেশী দেশ ভারতের কাছে ট্রাইব্রেকারে হেরে বাদ পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ ছিল রিকার্ভ, কম্পাউন্ড নারী ও ছেলেদের দলগতসহ চারটি ইভেন্টের খেলা। বাংলাদেশ শুধুমাত্র ছেলেদের রিকার্ভের অংশ নিয়েছিল। ফাইনালে উঠার লড়াইয়ে ভারত ছিল বাংলাদেশের প্রতিপক্ষ।
.png)
প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথম দুই সেট হেরেছিলেন সাগর, রুবেল ও রাম কৃষ্ণ (৪-০)। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনে বাংলাদেশ (৪-৪)। সমতা ফেরায় ম্যাচটি গড়ায় টাইব্রেকে। সেখানে শ্যুট অফে ভারতের তিন আরচ্যার করেন ২৮ স্কোর। বাংলাদেশের তিন জন করেন ২৭। এক স্কোর বেশি করায় ভারত ফাইনালে উঠে যায়।
সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে বাংলাদেশকে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।