ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নববর্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৩ এপ্রিল ২০২৩
নববর্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে রমনা বটমূলে সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন

বাংলা নববর্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারো বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সারাদেশে পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্যরা মোতায়েন থাকবে। 

বৃহস্পতিবার নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে রাজধানীর রমনা বটমূলে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। 

তিনি বলেন, র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। 

নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগসহ যেসব জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানে র‍্যাবের নিরাপত্তাচৌকি, টহল ও পর্যবেক্ষণসহ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করণদল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। এছাড়া যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Advertisement

সারাদেশে বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট প্যাট্রল, মোটরসাইকেল প্যাট্রলিং, বোট প্যাট্রলসহ পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য তৎপর থাকবেন। যেকোনো হামলা ও নাশকতায় র‍্যাবের সাদা পোশাকধারীসহ পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য তৎপর রয়েছেন।

র‍্যাব সদর দফতরের কন্ট্রোলরুমের হটলাইন নম্বর ০১৭৭৭৭২০০২৯-এর মাধ্যমে ঢাকাসহ সারা দেশে যোগাযোগ করে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। 

নববর্ষ কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্য দিয়ে কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পারে, সে জন্য র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। নববর্ষ উদ্‌যাপনে আসা নারীদের ইভটিজিং ও যৌন হয়রানি রোধকল্পে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া কেউ হেনস্তার শিকার হলে তা র‍্যাব সদস্যদের জানালে র‍্যাব কঠোর ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপরেশনস) কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!