‘মোটরসাইকেল এখন জিডিপিতে বড় অবদান রাখে’
‘কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক নয়। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত, জিডিপিতে বড় অবদান রাখে।’
রাজধানীর একটি হোটেলে রোববার আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী একথা বলেছেন।
ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এ সভায় তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।
এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় সড়ক দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুর্ঘটনা কমাতে। ঢাকায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা গেছে। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এবার হেলমেটের মান নির্ধারণে কাজ করছে বিএসটিআই।
সভায় নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে। মানসম্মতও হেলমেট রয়েছে। কিন্তু এসব হেলমেট কতদিন ব্যবহার করা যাবে, কতদিন পর এসব হেলমেট (লাইফটাইম) ব্যবহার করা যাবে না তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।
বাংলাদেশে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার বিষয়ক সভায় আরো উপস্থিত ছিলেন—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।