ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লাইনে দাঁড়িয়ে বিআরটিএ’র ফি দেওয়ার দিন শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ২২ জুলাই ২০২৩
লাইনে দাঁড়িয়ে বিআরটিএ’র ফি দেওয়ার দিন শেষ
ফাইল ফটো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহকদের যেকোনো ফি জমা দিতে এখন থেকে আর লাইনে দাঁড়াতে হবে না। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে ঘরে বসে মুহূর্তেই পরিশোধ করা যাবে।

বিআরটিএ’র ফি পরিশোধের জন্য সম্প্রতি নগদ ও সিএনএস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অংশ হিসেবে এখন থেকে ইনস্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসিওরেন্স এবং মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএ’র যেকোনো সেবার ফি এখন থেকে নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর সশরীরে ব্যাংক অথবা বিআরটিএ’র নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদ-এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএ’র নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করে নিতে পারবেন।

Advertisement

নগদের মাধ্যমে বিআরটিএ’র ফি পরিশোধের জন্য নগদ গ্রাহককে বিআরটিএ’র সার্ভিস পোর্টালে লগইন করতে হবে। এরপর হাতের বাঁয়ের ‘ফি পরিশোধের বিবরণ’ মেন্যু থেকে নির্ধারিত সেবা বাছাই করতে হবে। নির্ধারিত সেবা বাছাইয়ের পর নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এরপর কাঙ্ক্ষিত সেবা নির্বাচন করে পেমেন্ট কনফার্মেশনে গিয়ে নিজের নাম ও সেবার নাম ঠিক আছে কিনা, তা যাচাই করে ফি পরিশোধ করতে হবে।

বিআরটিএ’র সেবা গ্রহণের জন্য একজন নগদ গ্রাহককে হাজারে ১.৫ শতাংশ অর্থাৎ ১৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। বিআরটিএ’র সেবা নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে তা সাত কর্মদিবসের মধ্যে সমাধান করা হবে। এছাড়া বিআরটিএ’র হটলাইন নম্বর ১৬১০৭ অথবা ০৯৬১০৯৯০৯৯৮ নম্বরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা নিতে পারবেন গ্রাহকরা।   

বিআরটিএ’র ফি নগদে পরিশোধের বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, এখন থেকে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিআরটিএ’র ফি পরিশোধ করতে হবে না। মানুষ এখন যেকোনো জায়গায় বসে মুহূর্তেই নগদের মাধ্যমে বিআরটিএ’র ফি পরিশোধ করতে পারবে। ফলে মানুষের কর্মঘণ্টা বাঁচবে, অর্থের সাশ্রয় হবে এবং দেশ ডিজিটাইজেশেনের পথে আরো এগিয়ে যাবে।

বিআরটিএ গ্রাহকদের সব ধরনের ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইনসিওরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!