ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পদ্মাসেতু দিয়ে চলতে যেসব জায়গায় থামবে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ২০ অক্টোবর ২০২৩
পদ্মাসেতু দিয়ে চলতে যেসব জায়গায় থামবে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস
ফাইল ফটো

বাংলাদেশ রেলওয়ে আগামী ১ নভেম্বর থেকে পদ্মাসেতু হয়ে ট্রেন চালাবে। এরই মধ্যে যমুনা সেতু হয়ে চলাচল করা খুলনা ও বেনাপোল রুটের ২টি ট্রেন রুট পরিবর্তন করে পদ্মাসেতু হয়ে চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা পাওয়ার পর ট্রেন ২টি নতুন রুটে কোথায় কোথায় যাত্রাবিরতি করবে এবং কখন কখন ঢাকা, খুলনা ও বেনাপোল থেকে ছাড়বে তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

Advertisement

সেখানে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে পদ্মাসেতু দিয়ে চলবে।

আগামী ১ নভেম্বর থেকে ‌‘সুন্দরবন এক্সপ্রেস’ নতুন রুটে যাত্রা শুরু করবে। ঐদিন ট্রেনটি খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।

ট্রেনটি খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

ঢাকা থেকে ফিরতি পথে ট্রেনটি ভাঙ্গা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া এবং দৌলতপুর স্টেশনে যাত্রাবিরতি করবে।

অন্যদিকে আগামী ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস নতুন রুটে যাত্রা শুরু করবে। ঐদিন ট্রেনটি বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

সুন্দরবন ও বেলাপোল এক্সপ্রেস ট্রেনের বিদ্যমান রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন বিন্যাস বলবৎ থাকবে বলেও ঐ আদেশে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সুন্দরবন
লিংক সফলভাবে কপি হয়েছে!