রাজধানীর সুন্দরবন স্কয়ার থেকে গ্রেফতার ৩ ডাকাত কারাগারে
রাজধানীর বংশাল থানাধীন সুন্দরবন স্কয়ার মার্কেটে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৩ ডাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. মজিদ, মো. জহির উদ্দিন দিপু ও মো. সুমন।
বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে বংশাল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার সময় বংশাল থানাধীন সুন্দরবন স্কয়ার মার্কেটের চাকু নিয়ে ডাকাতি করতে যান। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে আসামিরা পালাতে যান। ঐ সময় আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। এ ঘটনায় বংশাল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন।
এদিকে গ্রেফতারের পর আসামিরা প্রাথমিকভাবে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বংশালসহ আশপাশের এলাকায় পথচারী, রিকশা আরোহী এবং সিএনজির যাত্রীদের ধারালো চাকু ও ব্লেড দেখিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করে দস্যুতা করতো।