বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
প্রতি বছরের মতো এবারো বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাতের পর বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায়।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন মাওলানা শহীদুল ইসলাম।
.png)
এদিকে, জাতীয় পর্যায়ের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে।