সংবিধান সংস্কারে বাস্তবসম্মত প্রস্তাব গ্রহণ করা হবে: আইনমন্ত্রী
বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সংবিধান সংস্কার সংক্রান্ত যেসব পরামর্শ বা মতামত আসবে, সেগুলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে বিবেচনা করে গ্রহণ করা হবে।
আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
.png)
আইনমন্ত্রী বলেন, অনেকে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার কথা বললেও বাস্তবে তা সম্ভব নয়; কারণ এই সংবিধান এখনো দেশে বলবৎ রয়েছে। ফলে সংস্কারের ক্ষেত্রে এই সংবিধানকে ভিত্তি বা সামনে রেখেই অগ্রসর হতে হবে। এ বিষয়ে সবাইকে বাস্তবসম্মত চিন্তা করার আহ্বান জানান তিনি।
সুশাসন ও সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকারকে সবসময় তোপের মুখে ও সমালোচনার মধ্যে রাখা উচিত, তা না হলে সরকার সঠিক পথে চলতে পারবে না। সরকার সমালোচনাকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করে, তবে সে ক্ষেত্রে সমালোচকদের ব্যবহৃত ভাষার প্রয়োগে সচেতন হওয়া কাম্য।