পায়ুপথে লুকানো ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ভারতীয়
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের পায়ুপথে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা আইসিপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুই প্যাকেটে রাখা স্বর্ণের পেস্টসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। সোমবার দিবাগত রাতে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্বর্ণের পেস্ট ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ অভিযানিক দল তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর শরীরের অভ্যন্তরে স্বর্ণের পেস্ট লুকিয়ে রাখার বিষয়টি জানা যায়।
পরে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষার মাধ্যমে তাঁর পায়ুপথে লুকিয়ে রাখা দুই প্যাকেট স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।