ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শহীদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শহীদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনা সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনা সদস্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পরিবারের দেখভাল করবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি শহীদ সেনা সদস্যদের পরিবারের কল্যাণে সরকার দায়িত্ব পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

পরে দুই শহীদ সেনা সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি শহীদদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনা সদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।

অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!