ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২, ৪ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু কাল
সংগৃহীত ছবি

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বেতন নির্ধারণের কাজ শেষ হলে সরকারি চাকরিজীবীদের প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে। তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের তারিখের ওপর এর পরিমাণ নির্ভর করবে।

Advertisement

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য চাকরিজীবীদের সংশ্লিষ্ট পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য দিতে হবে।

প্রথমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করে নিতে হবে।

নতুন কাঠামোয় কার মূল বেতন কত হবে, তা এই বেতন নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হবে। নতুন ও আগের বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের তারিখ বিবেচনায় নিয়ে বকেয়া অর্থের হিসাব করা হবে।

কারও পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সংশ্লিষ্ট তথ্যও পে ফিক্সেশনের সময় দিতে হবে। এসব তথ্যের সমর্থনে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।

এ ছাড়া নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে বেতন নির্ধারণের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

পে ফিক্সেশনের জন্য আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মুঠোফোন নম্বর প্রয়োজন হবে। কোনো চাকরিজীবীর এনআইডি না থাকলে চাকরির নথিতে থাকা জন্মতারিখসহ অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।

অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, পে ফিক্সেশন শেষ হওয়ার পর প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার একসঙ্গে পরিশোধ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!