[ জাতীয় ]

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ
সংগৃহীত ছবি

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

এ সময় ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।

দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে।

এ ছাড়া বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!