ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৬ নভেম্বর ২০২৬
কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান
ছবি: ডেইলি বাংলাদেশ

পার্বত্য অঞ্চল থেকে অতীতেও বিভিন্ন ক্ষেত্রে অনেক খ্যাতিমান খেলোয়াড় উঠে এসেছেন। আগামী দিনেও রাঙ্গামাটি ও পার্বত্য অঞ্চল থেকে সাঁতারে নতুন ও প্রতিভাবান সাঁতারু উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

সোমবার (১৬ নভেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আয়োজিত ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নৌবাহিনী প্রধান বলেন, কাপ্তাইয়ের বিশাল লেকে পুরুষদের ১০ কিলোমিটার এবং নারীদের ৮ কিলোমিটার দূরত্বের এ সাঁতার প্রতিযোগিতা সবাইকে অনুপ্রাণিত করেছে। ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবার অংশগ্রহণ ও উৎসাহে সাঁতারসহ অন্যান্য খেলাধুলা আরও এগিয়ে যাবে বলেও বিশ্বাস করেন তিনি।

কাপ্তাই হ্রদের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাটে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ২০ জন সাঁতারু অংশ নেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে ১৮ জন এবং স্বাগতিক রাঙ্গামাটি জেলা থেকে দুজন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহম্মেদ। নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ নৌবাহিনীর মুক্তি খাতুন।

প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটি শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ ছাড়া বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চট্টগ্রাম নৌ কমান্ডার জিয়াউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের প্রসার এবং নতুন প্রতিভা অন্বেষণে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কর্মসূচি, জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং সাঁতারুদের দক্ষতা বাড়াতে দেশে-বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ।

প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য জেলা ও পুলিশ প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

ডেইলি-বাংলাদেশ/রাঙ্গামাটি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!