ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: সালাহউদ্দিন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২৫ অক্টোবর ২০২৬
দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: সালাহউদ্দিন
সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি কিংবা পলাতক অপরাধীর অপতৎপরতা বরদাশত করা হবে না।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।’

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই এ ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে। তারা দেশে অস্থিরতা তৈরি করে পরিস্থিতির সুযোগ নিতে চায়।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!