ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ১৭৭ পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ১ নভেম্বর ২০২৬
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ১৭৭ পোশাক কারখানায় ছুটি
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার বিকালে শিল্প পুলিশ-১-এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে বিকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্র হয়ে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!