রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফটের ঘনিষ্ঠভাবে নিয়ন্ত্রিত এক অনুষ্ঠানে তিনি যে ক্রিশ্চিয়ান ডিওর গাউন পরেছিলেন, সেটি নিয়েই ভক্তদের ব্যাপক কৌতূহল। পোশাকটির বিস্তারিত এখনো প্রকাশ না পেলেও যুক্তরাষ্ট্রে প্রায় ২০০টি স্টোর পরিচালনাকারী ডেভিডস ব্রাইডাল ইতোমধ্যে সুইফটের সম্ভাব্য স্টাইল অনুসরণ করে প্রায় দুই ডজন নকশার স্কেচ তৈরি করেছে।
ব্র্যান্ডটির প্রধান নির্বাহী কেলি কুক জানান, তাদের নকশায় হলিউডের গ্ল্যামার এবং ড্রপ-ওয়েস্ট বা ড্রপ-ড্রপ-ওয়েস্ট সিলুয়েটকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়েবসাইটেও সুইফট-অনুপ্রাণিত পোশাকের খোঁজ বাড়তে দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির ব্রাইডাল গাউনের দাম কয়েকশ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলারেরও বেশি।
.png)
হংকংয়ে ডেভিডস ব্রাইডালের কুট্যুর ও ডিজাইন বিভাগের প্রধান ভায়োলা চ্যান জানান, সুইফটের ব্যক্তিগত স্টাইল ও সাম্প্রতিক উপস্থিতি বিশ্লেষণ করে তারা তিন ধরনের নকশা প্রস্তুত করেছেন—অলংকরণযুক্ত বল গাউন, সাধারণ কিন্তু সূক্ষ্ম ডিটেইলসমৃদ্ধ গাউন এবং অনুষ্ঠানের মাঝপথে পোশাক পরিবর্তনের সম্ভাবনা মাথায় রেখে ছোট গাউন।

সুইফটের পোশাকের রং, কাপড়, ফুলের অলংকরণ, লেস, চুলের সাজ কিংবা পর্দার ধরন—যেকোনো একটি উপাদানই ব্রাইডাল ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করতে পারে বলে মনে করছেন ডিজাইনাররা।
শতাধিক দেশে পণ্য সরবরাহকারী স্পেনভিত্তিক ব্রাইডাল ব্র্যান্ড প্রোনোভিয়াস জানিয়েছে সুইফটের লুক থেকে সিলুয়েট, কাপড় ও সামগ্রিক স্টাইলের অনুপ্রেরণা নেওয়া হতে পারে। একইভাবে গালিয়া লাহাভ, জেনি ইউ ও অন্যান্য ব্র্যান্ডও সুইফটের পোশাক প্রকাশের অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাস্টিন আলেকজান্ডার গ্রুপও সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় রাখছে। প্রতিষ্ঠানটির বসন্ত-গ্রীষ্ম ২০২৮ সংগ্রহের নকশা চূড়ান্ত করার সময় সুইফটের পোশাক প্রকাশ পেলে এর কিছু উপাদান নতুন ডিজাইনে যুক্ত হতে পারে। বাজারে চাহিদা বাড়লে নির্ধারিত সময়ের আগেই কিছু ডিজাইন বাজারে আনার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।
তবে সুইফটের পোশাক অনুকরণের ক্ষেত্রে আইনি ঝুঁকিও রয়েছে। আইনজীবী ব্র্যাড ডি. রোজের মতে, যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনে সাধারণত পোশাকের কাট, আকৃতি বা সিলুয়েট সুরক্ষিত নয়। তবে নির্দিষ্ট এমব্রয়ডারি, বিডওয়ার্ক বা অলংকারের নকশা সুরক্ষিত হতে পারে। একই সঙ্গে সুইফট বা ডিওরের সঙ্গে মিথ্যা সম্পর্কের ইঙ্গিত দিয়ে পোশাক বাজারজাত করলে ট্রেডমার্ক ও অন্যায্য প্রতিযোগিতার আইনি সমস্যা তৈরি হতে পারে।
টেলর সুইফটের বিয়ের পোশাক শুধু ভক্তদের কৌতূহলের বিষয় নয়, এটি হয়ে উঠতে পারে আগামী দিনের ব্রাইডাল ফ্যাশনের বড় ট্রেন্ড নির্ধারণকারী একটি মুহূর্ত।