ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

প্রদর্শনী ছাড়িয়ে কাজে নামছে যন্ত্রমানব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৪, ২০ আগস্ট ২০২৬
প্রদর্শনী ছাড়িয়ে কাজে নামছে যন্ত্রমানব
ছবি সংগৃহীত

চীনে হিউম্যানয়েড রোবটকে শুধু প্রদর্শনী বা বিনোদনের প্রযুক্তি হিসেবে নয় বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তুলতে জোর দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে পণ্য বাছাই, মোবাইল ফোন প্যাকেটজাতকরণ, কারখানার অ্যাসেম্বলি লাইন ও ঘরের কাজের মতো বাস্তব কাজে রোবটের সক্ষমতা তুলে ধরা হয়েছে।

রোবট সম্মেলনে ৩০০টির বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে ২ হাজারের বেশি রোবট ও প্রযুক্তিপণ্য দেখানো হচ্ছে এবং ১৫০টির বেশি নতুন পণ্য উন্মোচন করা হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে হিউম্যানয়েড রোবট নিয়ে আগ্রহ বাড়ার মধ্যেই এ আয়োজন হচ্ছে। 

এরই মধ্যে চীনের পরিচিত হিউম্যানয়েড নির্মাতা ইউনিট্রি সাংহাইয়ে শেয়ারবাজারে যাত্রার প্রথম দিনেই প্রায় ছয় গুণ মূল্যবৃদ্ধি দেখেছে। প্রতিষ্ঠানটির আইপিও খুচরা বিনিয়োগকারীদের মধ্যে ৮ হাজার গুণের বেশি সাবস্ক্রাইব হয়েছিল। একই সময়ে লুমোস রোবোটিক্স ও গাড়ি নির্মাতা চেরি-এর রোবোটিক্স বিভাগও ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করছে।

Advertisement

সম্মেলনে Leju-এর রোবটকে বাক্স ও ছোট পণ্য সরানো এবং বাছাই করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনের গাড়ি কারখানা ও ইউরোপের কিছু কারখানায় তাদের রোবট উপকরণ পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

Robotera-এর একটি রোবট পার্সেল বাছাইয়ের কাজ প্রদর্শন করেছে। কোম্পানিটির দাবি, গত বছর থেকেই চায়না পোস্টের বিভিন্ন লজিস্টিকস স্থাপনায় তাদের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। দেশজুড়ে ১৫টি গুদামে ১০০টির বেশি পার্সেল-সোর্টিং রোবট মোতায়েন রয়েছে।

অন্যদিকে DexForce দেখিয়েছে, কীভাবে হিউম্যানয়েড রোবট অ্যাসেম্বলি লাইনে মোবাইল ফোন বাক্সে প্যাক করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা নিকোল ইয়াং জানান, চীনের Lens Technology কারখানায় চলতি বছরের শুরু থেকেই এসব রোবট ব্যবহৃত হচ্ছে। রোবটগুলো মিলিমিটার-স্তরের নির্ভুলতায় কাজ করার পাশাপাশি ভুল শনাক্ত করে তা সংশোধন করতে পারে।

শিল্পের পাশাপাশি গৃহস্থালি কাজেও হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। X Square Robot এ ধরনের রোবটকে শত শত বাড়িতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে এসব রোবট চালুর পরিকল্পনা করছে।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী শিন গুওবিন বলেছেন, রোবটিক্স ইতোমধ্যে দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।

এদিকে সম্মেলনে এনভিডিয়ার জ্যেষ্ঠ নির্বাহী ম্যাডিসন হুয়াংয়ের আকস্মিক উপস্থিতিও প্রযুক্তি খাতের নজর কেড়েছে। তিনি বিভিন্ন রোবটের প্রদর্শনী দেখেন এবং রোবটের সেন্সর প্রযুক্তি সম্পর্কে জানতে চান। যুক্তরাষ্ট্রের RealSense-ও চীনা বাজারকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!