ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
পুলিশ জানায়, নেতানিয়ার কিরিয়াত হাশারোন এলাকায় রাইফেলধারী এক ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। পুলিশের দাবি, ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি নিহত হন।
.png)
ঘটনায় আর কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।
ইসরাইলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। অন্যদিকে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় গুলি চালাচ্ছিলেন।
তবে কী কারণে ওই সেনা গুলি চালিয়েছিলেন বা তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু