ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) একজন প্রবীণ নেতা ছিলেন।
শনিবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
সুদিব্য কুমার সোনু ২০১৯ সালে গিরিডিহ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও পরিবহনমন্ত্রী দীপক বিরুয়া।
এক বিবৃতিতে জেএমএম জানিয়েছে, কুমার সোনুর অকালমৃত্যু দল, সরকার ও ঝাড়খণ্ডের জন্য অপূরণীয় ক্ষতি।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও রাজ্যের পর্যটন খাতের উন্নয়ন নিয়ে সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে কর্ণাটক সফর করেছিলেন সুদিব্য কুমার সোনু।