ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অপরাধ অনুষ্ঠান চালানো উপস্থাপিকাই এবার ফাঁসির আসামি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ অনুষ্ঠান চালানো উপস্থাপিকাই এবার ফাঁসির আসামি
সংগৃহীত ছবি

অপরাধবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে কোটি দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিসরের তারকা উপস্থাপিকা সারা খলিফা। এবার মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র এবং আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার অভিযোগে সেই উপস্থাপিকাসহ ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত।

মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আল-আহরাম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী সারা খলিফাসহ অভিযুক্তরা একটি বৃহৎ সন্ত্রাসী ও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। বিদেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান আমদানি করে দেশে কৃত্রিম মাদক তৈরি এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Advertisement

মামলার বিচার চলাকালে আদালতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই চক্রের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদকদ্রব্য, মাদক তৈরির কাঁচামাল এবং বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। পাশাপাশি আসামিদের মধ্যকার অডিও রেকর্ড ও ভিডিও ক্লিপও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে সারা খলিফাসহ ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দিয়েছেন আদালত।

মিসরের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির কাছে মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করেন।

তবে সারা খলিফা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে তিনি দাবি করেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে নিয়ে ছবি তোলার আগে তিনি কখনো মাদক দেখেননি।

আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন সারা খলিফার আইনজীবী।

এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, মিসরে অপরাধ দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!