ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে বহুতল ভবন ধস, অর্ধশত শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে বহুতল ভবন ধস, অর্ধশত শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন।

কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো।

সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Advertisement

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত পুরুষ শিক্ষার্থীদের একটি পিজি আবাসন ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার ছুটির দিন হওয়ায় ভবনে থাকা বেশির ভাগ শিক্ষার্থী তাঁদের কক্ষে ছিলেন। ভবনটি ধসে পড়ার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের অপেক্ষায় না থেকে নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিটের একটি বড় স্ল্যাবের নিচে একজন আটকে আছেন। কয়েকজন ব্যক্তি মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

উদ্ধারকাজে অন্তত ১২টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি এক্সকাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। উদ্ধারকাজে প্রয়োজনীয় আরও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এতে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সবাই চেষ্টা করছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!