ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৬
বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে নদী ও বিলের পাড়ে জড়ো হন কয়েক হাজার মানুষ। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এতে বিভিন্ন এলাকা থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লারা জারি, সারি ও লোকগান গেয়ে নৌকা চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

Advertisement

নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই বিলের দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রতিযোগিতা শুরু হলে উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী ও শিশুরাও পরিবারের সদস্যদের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করেন।

প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রাম থেকে আসা ‘বাংলার দুলদুল’ প্রথম স্থান অধিকার করে। জামালপুর ইউনিয়নের ‘আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় এবং রাসেল ফকিরের নৌকা তৃতীয় হয়।

পরে বিজয়ী নৌকার মাঝিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারী নৌকার মাঝিদের একটি ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মাঝিদের টেলিভিশন দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ‘গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখানে এসে সত্যিই আমার খুব ভালো লেগেছে। বিলের মধ্যে এত দর্শনার্থী নৌকা বাইচ দেখতে এসেছেন। জেলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!