ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা’, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় জাবি ছাত্রশক্তি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১১ নভেম্বর ২০২৬
‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা’, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় জাবি ছাত্রশক্তি
জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে দেশব্যাপী নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জাবির বটতলায় বিক্ষোভ সমাবেশ।

দেশব্যাপী নাশকতা, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সমাবেশ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অণ্বেষা বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের তুলনায় নির্বাচিত সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো সরকারের মদদে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রলীগের সন্ত্রাসীদের তালা দেওয়ার ঘটনায় প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না। এমনকি সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ সরবরাহের ক্ষেত্রেও অসহযোগিতা করা হচ্ছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হলে ছাত্রশক্তি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করাবে।

ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আহসান লাবিব বলেন, সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং শিক্ষার্থীরা আহত হচ্ছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি ব্যর্থ হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে অকার্যকর করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!