ঢাবি-জাবিসহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ৩ দফা দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, ভীতি প্রদর্শন ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতিকে দায়ী করে তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ড চালিয়ে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে চোরাগোপ্তা হামলা ও উসকানিমূলক মহড়া চালাচ্ছে। বিশেষ করে ১০ নভেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে এ ধরনের ঘটনা ঘটাকে প্রশাসনের নজরদারির অভাব ও চরম প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ছাত্র ইউনিয়ন। প্রশাসনের এমন শৈথিল্য সাধারণ শিক্ষার্থীদের জীবন ও অ্যাকাডেমিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরে জড়িতদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলাকারী নিরাপত্তা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করা; প্রশাসনিক ও আইনি ব্যর্থতা দূর করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।