ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রোববার যে সময় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪
রোববার যে সময় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের এই বিশ্ব ইজতেমা শেষ হবে।

আখেরি মোনাজাত ফজরের নামাজের পর থেকে দুপুরের আগে যেকোনো সময় অনুষ্ঠিত হয়। অতীতে বিভিন্ন সময় মোনাজাত শুরু হতে হতে ১০টা বা ১১টাও বেজে যেত। সাম্প্রতিক সময়ে এটি ৯টা-১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, এবারের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

পুলিশ কমিশনার মাহবুব বলেন, আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এই সময়ের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজিয়েছি। ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না, তারা ডাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। এই পথে কেবল মুসল্লিদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না। ঢাকার ভেতরে কুড়িল বিশ্বরোড থেকে ডাইভার্ট করে দেবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।

আখেরি মোনাজত শেষ হওয়ার পর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার আগে চালু করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় মুসল্লিরা দ্রুত ইজতেমা প্রাঙ্গণ ত্যাগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!