ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

তিন বছরের মধ্যেই চাঁদে যাবেন মহাকাশচারীরা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ২০ আগস্ট ২০২২
তিন বছরের মধ্যেই চাঁদে যাবেন মহাকাশচারীরা
ফাইল ছবি

তিন বছরের মধ্যে চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা। তাদের জন্যই সম্ভাব্য ‘আস্তানা’ খোঁজা হয়ে গেছে। এবার শুধু ঘোষণার কাজ বাকি। এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

‘আর্টেমিস-৩’ নামের এক মিশনের অংশ হিসাবে এ কাজ শুরু করেছে নাসা। ওই মিশনের অঙ্গ হিসাবেই ২০২৫ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর সব কাজ সম্পন্ন করবে তারা। ‘আর্টেমিস-৩’ মিশনটি সফল হলে ১৯৭২ সালে ‘অ্যাপোলো-১৭’ মিশনের পর এই প্রথম চাঁদে পা রাখবেন নাসার মহাকাশচারীরা।

মহাকাশচারীদের জন্য চাঁদের কোথায় ল্যান্ডিং অঞ্চল গড়বে নাসা? জানা গেছে, প্রতিটি অঞ্চলেই অনেকগুলো সম্ভাব্য ল্যান্ডিং সাইট রয়েছে। কিসের ভিত্তিতে অঞ্চলগুলো বেছে নেয়া হয়েছে, তা-ও জানিয়েছে নাসা।

Advertisement

এ ক্ষেত্রে ওই এলাকাগুলোর ভূখণ্ড, সেখান থেকে যোগাযোগ ব্যবস্থায় সুবিধা ছাড়াও সেখানকার আলোর অবস্থাও বিজ্ঞানীদের মাথায় রাখতে হয়েছে। সর্বোপরি, বৈজ্ঞানিক কার্যকলাপের তা কার্যকরী হবে কি-না, সে দিকেও খেয়াল রেখেছেন বিজ্ঞানীরা।

চাঁদের প্রতিটি অঞ্চলের মূল্যায়ন করতে আরও বৈজ্ঞানিকদের মতামত গ্রহণ করা হবে বলেও জানিয়েছে নাসা। প্রসঙ্গত, মহাকাশের আরও গভীরে গিয়ে মহাকাশচারীদের দিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যেই ‘আর্টেমিস-১’ নামে একটি মিশনের উদ্যোগ নিয়েছে তারা। ওই মিশনে গিয়ে চাঁদে ফেরার পরিকল্পনাও রয়েছে নাসার।

নাসা জানিয়েছে, ‘আর্টেমিস-১’ নামের ওই মিশনে শামিল করা হয়েছে ওরিয়ন মহাকাশযান, মহাকাশে উৎক্ষেপণের জন্য এসএলএস রকেট এবং ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের গ্রাউন্ড সিস্টেম। এ মিশনের আওতায় একাধিক মিশন রয়েছে। এর প্রথমটিতে অবশ্য কোনো মহাকাশচারী ছাড়াই যাত্রা শুরু করবে মহাকাশযান।

নাসা আরও জানিয়েছে, প্রথম মিশনের সময়সীমা ৪২ দিন ৩ ঘণ্টা এবং ২০ মিনিটের। লক্ষ্য— চাঁদের চারপাশের বিপরীতমুখী কক্ষপথ। চাঁদে এবং তার বাইরেও অনুসন্ধানের চেষ্টা করবে ওই যানটি।

পুরো মিশনে মহাকাশযানটি অন্তত ২০ লাখ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। এই মিশনটি সফলভাবে শেষ হওয়ার পর ১০ অক্টোবর সান দিয়েগোর অদূরে প্রশান্ত মহাসাগরের উপরে একটি ‘স্প্ল্যাশডাউন সাইটে’ ফিরে আসবে মহাকাশযানটি। সে সময় যানটির গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ২৫ হাজার থেকে ৪০ হাজার কিলোমিটার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!