বিজ্ঞানীদের একাংশের মতে, পৃথিবীর বুকে বিশাল এক গ্রহাণু এসে ধাক্কা মারার ফলেই চিরতরে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা। তেমনই কোনো গ্রহাণু যদি ফের ধেয়ে আসে পৃথিবীর দিকে। তবে ঘটে যেতে পারে বড় বিপদ।
এরই মধ্যে জানা গেছে, পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে ডিডাইমস ও ডাইমরফিস নামের এক জোড়া গ্রহাণু। তাই এই ধরনের ঘটনা আটকাতে বেশ কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। এই লক্ষ্যে ‘ডবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট’ বা ‘ডার্ট’ বলে একটি অভিযান শুরু করে নাসা।
.png)
বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, দুটি গ্রহাণুর কোনোটিরই পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা নেই। কিন্তু এই সুযোগে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন নাসার বিজ্ঞানীরা। পরিকল্পনা করা হয়, একটি মহাকাশযান পাঠিয়ে পরীক্ষামূলকভাবে ধাক্কা দেওয়া হবে এই দু’টির মধ্যে একটি গ্রহাণুর গায়ে। মহাকাশযানটির গতিশক্তির অভিঘাতে গ্রহাণুর গতিপথ বদলে যাবে বলেই মত বিজ্ঞানীদের।
২০২১ সালের ২৪ নভেম্বর মহাকাশে পাঠানো হয় একটি মহাকাশযান সেই লক্ষ্যে। সব ঠিক থাকলে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সেই মহাকাশযানটি ধাক্কা মারবে গ্রহাণুর গায়ে।