ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

আটকে পড়া মানুষকে উদ্ধার করবে বিশেষ ইঁদুর

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৫ অক্টোবর ২০২২
আটকে পড়া মানুষকে উদ্ধার করবে বিশেষ ইঁদুর
ছবি: অন্তর্জাল

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক সময় ভূক্তভোগীরা বিপর্যয়স্থলে আটকে থাকেন। যোগাযোগ করা সম্ভব হয় না বলে কখনো কখনো বিলম্বিত হয় উদ্ধারকাজ। এই সমস্যা কমাতে নতুন উপায় খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা।

বেলজিয়ামের এক দল বিজ্ঞানী প্রশিক্ষণ দিচ্ছেন কিছু ইঁদুরকে, যাতে সেগুলোকে ব্যবহার করা যায় উদ্ধারকাজে। এপিওপিও নামের একটি সংস্থার বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন ইঁদুরের পিঠে লাগানোর মতো বিশেষ এক ধরনের ব্যাগ।

জানা যাচ্ছে, এই ব্যাগে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। বিজ্ঞানীদের দাবি, এই ব্যাগ পিঠে নিয়ে ইঁদুরগুলি ঢুকে যেতে পারবে ধ্বংসস্তূপের ভেতর, খুঁজে বের করতে পারবে আটকে থাকা মানুষকে।

Advertisement

ডনা কিন নামের এক গবেষকের নেতৃত্বে চলছে এই গবেষণা। সংবাদমাধ্যমে ডনা জানিয়েছেন, ইঁদুর খুবই উৎসুক একটি প্রাণী। আকারেও বেশ ছোট। তাই সহজেই অল্প জায়গার মধ্যে দিয়েও এগুলো ঢুকে পড়তে পারে। সেই কারণেই এই প্রকল্পের জন্য বেছে নেয়া হয়েছে ইঁদুরকে।

যে ‘পিঠব্যাগ’ ইঁদুরগুলি বহন করবে, সেটি তৈরিতে সহায়তা করেছে আইন্দোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকেরা। ২০১৯ সাল থেকেই বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ২০২১ সালে প্রকল্পটি সরকারিভাবে ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইঁদুরের পিঠের ব্যাগগুলো থ্রিডি প্রিন্টার ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এতে থাকবে একটি ভিডিয়ো ক্যামেরা। সেই ক্যামরা থেকে সরাসরি ভিডিও ফুটেজ সম্প্রচারিত হবে ল্যাপটপ কিংবা মোবাইলে। সমুদ্রে ডুব দেওয়ার পোশাক যে উপাদানে তৈরি সেই উপাদান দিয়েই তৈরি হবে ইঁদুরের পোশাক। তবে এখনই কাজে নামতে পারছে না ইঁদুরগুলো। বিষয়টি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!