পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে স্বয়ংসম্পূর্ণ মানববসতি গড়ে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়াংগং’-এ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কক্ষপথেই সফলভাবে ধান চাষ করেছেন চিনা নভোচারীরা। দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযান, চাঁদ কিংবা মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব বসতিতে খাদ্যের সংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে এই অর্জনকে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ মে উৎক্ষেপণ করা ‘শেনঝৌ-২৩’ মিশনের মাধ্যমে ধানের বীজ তিয়াংগং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে নিবিড় পরিচর্যার পর নভোচারী জু ইয়াংঝু, ঝাং ঝিয়ুয়ান এবং লাই কা-ইং প্রথম ধাপের ধানের ফসল কাটার কাজ সফলভাবে সম্পন্ন করেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নভোচারীদের ধান সংগ্রহ করে গবেষণার জন্য সতর্কতার সাথে সংরক্ষণ করতে দেখা গেছে।
.png)
এর আগে ২০২২ সালে তিয়াংগং স্টেশনে ১২০ দিনের মধ্যে ধানের সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে প্রথম চমক দেখিয়েছিল চীন। তবে এবারের গবেষণার মূল লক্ষ্য হলো—মহাকাশের বিরূপ পরিবেশে পরপর একাধিক প্রজন্মে ধান চাষ করা সম্ভব কি না তা পরীক্ষা করা। এর জন্য সেখানে স্বাভাবিক বীজের পাশাপাশি ২০২২ সালে মহাকাশে উৎপাদিত ধানের বংশধর প্রজাতিও চাষ করা হচ্ছে। বিশেষ প্রযুক্তিতে প্রথমবার ধান কাটার পর গোড়া রেখে দেওয়া হলে সেখান থেকে পুনরায় নতুন গাছ গজায়। সংগৃহীত এই নতুন শিষ, কাণ্ড ও পাতা বিশেষ হিমায়িত তাপে সংরক্ষণ করা হচ্ছে, যা পরবর্তীতে পৃথিবীতে এনে গভীরভাবে বিশ্লেষণ করা হবে।