এডেন হ্যাজার্ডের ছোট ভাই থ্রোগান হ্যাজার্ডের একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে বেলজিয়ামের শেষ আট নিশ্চিত হয়। কিন্তু আজ্জুরিদের বিপক্ষে মিউনিখে অনুষ্ঠিতব্য হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে এডেন ও ডি ব্রুইনার ফিটনেসই এখন বেলজিয়াম শিবিরে সবচেয়ে বড় দু:শ্চিন্তার বিষয়।
দুই খেলোয়াড়ের কেউই বুধবারের অনুশীলনে ছিলেন না। বেলজিয়ামের মেডিকেল দল ইতালির বিপক্ষে তাদের সুস্থ করে তুলতে রাত দিন কাজ করে যাচ্ছে। কোচ রবার্তো মার্টিনেজও স্বীকার করেছেন মিউনিখের ম্যাচে কোন খেলোয়াড়কেই শতভাগ ফিট হিসেবে পাওয়া যাবে না। তবে তাদেরকে ম্যাচ খেলার জন্য সম্ভাব্য ফিট করেত তুলতে প্রতিদিনই কাজ করতে হচ্ছে।
.png)
সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনা বেলজিয়ামের মূল ভরসা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বেলজিয়াম যেতে পারলেও তাদের প্রতিপক্ষ হবে স্পেন বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
এ্যাটাকিং মিডফিল্ডে ডি ব্রুইনার বদলী হিসেবে মার্টিনেজ কাকে খেলাবেন তা নিয়ে পর্যালোচনা করে যাচ্ছেন। এক্ষেত্রে নাপোলি ফরোয়ার্ড ড্রিয়েস মার্টিনসই হতে পারেন প্রথম পছন্দ। এদিকে হ্যাজার্ডের বদলী হিসেবে খেলতে পারেন এ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ানিক কারাসকো।
ইতালির ছন্দময় ফুটবলের বিপরীতে কাউন্টার এ্যাটাক থেকে বেলজিয়ামের এগিয়ে যাবার ক্ষেত্রে ডি ব্রুইনার অনুপস্থিতি খুবই জরুরী বলে স্বীকার করেছেন মার্টিনেজ। প্রথম মিনিট থেকেই ইতালি আক্রমনাত্মক খেলবে এবং তাদেরকে রুখতে হলে অত্যন্ত শক্তিশালী ভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চেলসি মিডফিল্ডার জর্জিনহো তার ইতালীয় সতীর্থদের সতর্ক করে বলেছেন, ডি ব্রুইনা এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। আমাদের অবশ্যই তাকে থামাতে হবে। কারণ সে সবসময়ই জায়গা খুঁজে বের করে। যেকোন সময়ই সে বিপদজনক হয়ে উঠতে পারে।
ইউরোতে চারটি জয় এবং এখনো পর্যন্ত কোন গোল হজম না করা বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম দারুণ ছন্দে রয়েছে। যদিও ইতালিও মোটেই পিছিয়ে নেই। এর মধ্যেই টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তারা শেষ আটে মাঠে নামবে। শেষ ১৬’র লড়াইয়ে তারা অস্ট্রিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নামা ফেডেরিকো চিয়েসা ও মাত্তেও পেসিনার অতিরিক্তি সময়ের দুই গোলে ইতালিয়ানদেও জয় নিশ্চিত হয়।
বেলজিয়ান ফরোয়ার্ড থ্রোগান হ্যাজার্ড বলেছেন, এ পর্যন্ত আমরা যে’কটি দলের মোকাবেলা করেছি তার চেয়ে ইতালি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তাদের জয়ের দারুণ রেকর্ড রয়েছে। এটা আমাদেও জন্য ভাল একটি চ্যালেঞ্জ।
বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর ক্লাব ইন্টার মিলান ইতালিয়ান সিরি-আ লিগে গত মৌসুমে ১১ বছরের লিগ শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে তিনটি গোল করেছেন লুকাকু।
এদিকে ফরোয়ার্ড সিরো ইমোবিলে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও তুরস্কের বিপক্ষে গোল করে সমালোচকদের জানান দিয়েছে শুধুমাত্র ল্যাজিওতে নয়, জাতীয় দলের জার্সি গায়েও তিনি গোল করতে পারেন। গত মৌসুমে সব মিলিয়ে ৪১ ম্যাচে ২৫ গোল করে ইমোবিলে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনিকে আত্মবিশ্বাস দেখিয়েছেন।
ইমোবিলে বলেন, ২০১৮ সালের বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি এবং এটাই আমাদের ইউরোতে এ পর্যন্ত নিয়ে এসেছে। আশা করছি ব্যর্থতার ঐ সময়গুলো পার করে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো।