ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ বাছাইয়ে আইসিসির নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১৭ নভেম্বর ২০২১
বিশ্বকাপ বাছাইয়ে আইসিসির নতুন নিয়ম
ফাইল ছবি

ক্রিকেটের সবচেয়ে মর্যাদার বিশ্ব আসর তথা ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়ম অনুযায়ী র‌্যাংকিং থেকে সরাসরি ১০ দল ২০২৭ সালে আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে খেলবে। বাকি চার দল আসবে প্রথাগত বাছাই পর্ব পেরিয়ে।

মঙ্গলবার শেষ হওয়া বোর্ড সভায় বাছাইয়ে এই পরিবর্তন এনেছে আইসিসি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করে তিন বছর মেয়াদী প্রথম সুপার লিগে খেলছে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এখানে অংশ নিয়েছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।

Advertisement

প্রতিটি দল এই সময়ে খেলবে আটটি করে সিরিজ। চারটি দেশের মাটিতে, চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। শীর্ষ সাত দল সরাসরি অংশ নেবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে। ভারত সরাসরি স্বাগতিক হিসেবে খেলবে।

বিশ্বকাপ বাছাইয়ের অংশ হওয়ায় এই দ্বি-পাক্ষিক সিরিজগুলো বাড়তি গুরুত্ব পাচ্ছে। একেকটি ম্যাচ থেকে ১০ পয়েন্ট করে পাওয়ার সুযোগ থাকায় প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সিরিজ নিষ্পত্তি হয়ে গেলেও আদতে স্রেফ নিয়মরক্ষার বলে কোনো ম্যাচ নেই। 

২০২৩ বিশ্বকাপে খেলবে ১০ দল। পরের আসরে বাড়বে আরো চারটি। বাছাইয়ে পরিবর্তন আনার পেছনে দল বাড়ার ভূমিকা থাকার কথা জানিয়েছে আইসিসি।

২০২৭ বিশ্বকাপের বাছাইয়ের জন্য প্রধান নির্বাহীদের কমিটির দেওয়া প্রস্তাব আইসিসি বোর্ড গ্রহণ করেছে। আগে থেকে ঠিক করে রাখা একটি তারিখে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দলগুলোকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!