বিসিসিআইয়ের দেড় হাজার কোটি টাকা বাঁচিয়ে দিলেন সৌরভ
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা থেকে আগামী দশ বছরের মাঝে তিনটি বড় প্রতিযোগিতার স্বাগতিক হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ভারত। শুধু এটাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দূরদর্শিতায় বোর্ডের দেড় হাজার কোটি টাকাও বেঁচে যাচ্ছে।
আইসিসি থেকে তিনটি টুর্নামেন্ট বাগিয়ে নেয়ার পাশাপাশি কিছু চুক্তি করেছে বিসিসিআই। এর ভেতর একটি হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে যে কর দিতে হত, ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে তা দিয়ে দেবে আইসিসি।
এরকম চুক্তির পুরোটাই সম্ভব হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির জন্য। সঙ্গে অবশ্যই ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তারাই আইসিসির বোর্ড মিটিংয়ে বিষয়টি তোলেন। তারপরই ঠিক হয়ে যায়, ভারতীয় বোর্ডকে ২০ কোটি ডলার (প্রায় ১,৫০০ কোটি টাকা) কর দিতে হবে না।
আইসিসির বোর্ড মিটিংয়ে সৌরভ বলেন, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ থেকে বিসিসিআইয়ের ১০ কোটি ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) ক্ষতি হয়েছে। কারণ এই পরিমাণ টাকা তাদের কর হিসেবে দিতে হয়েছে।
সৌরভ আরো জানান, এবারের টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতের বদলে ভারতে হলে ক্ষতির অঙ্কটা বেড়ে ১৫ কোটি ডলার হত। তাই তিনি প্রশ্ন তোলেন, যেখানে তাদের কোনো ভূমিকা বা দোষ নেই, সেখানে কেন তাদের এত টাকা ক্ষতির বোঝা বহন করতে হবে।
এরপর সৌরভ বলেন, সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের সরকারের থেকে কর ছাড় পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু ক্রিকেটের জন্য আইন বদলাবে না। তাই তাদের এই করের বোঝা থেকে অব্যাহতি দেওয়া হোক। এরপর আইসিসির সদস্যরা সিদ্ধান্ত নেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাই এই টাকা দিয়ে দেবে।
ফলে বলা যায়, এক ঢিলে বেশ কয়েকটি পাখিই মেরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।