ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শরিফুল ‘খুশি’, কিন্তু...

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ১ জানুয়ারি ২০২২
শরিফুল ‘খুশি’, কিন্তু...
উইকেট শিকারের পর শরিফুল ইসলাম

নিউজিল্যান্ডের পিচ সম্পর্কে একটি প্রবাদ বেশ পরিচিত। বলা হয়, ‘নিউজিল্যান্ডের সবুজ ঘাসের আড়ালে রান হাসে।’ প্রথম দিকের কঠিন সময় পার করে দিতে পারলে এখানে ব্যাটারদের হাতছানি দেয় বড় রান। এমন জায়গায় বল করে বাংলাদেশ দলের পেসার শরিফুল বেশ খুশি। তবে সাথে আছে ‘কিন্তু’ও।

বে ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ডেভন কনওয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন। এরপরও স্বাগতিকদের খুব বেশি রান করতে দেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষকে বেঁধে রাখতে চমৎকার বোলিংয়ে বড় অবদান রেখেছেন শরিফুল।

মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২৫৮। হেনরি নিকোলস অপরাজিত আছেন ৩১ রানে।

Advertisement

২০ ওভারে ৫৩ রান দিয়ে টম ল্যাথাম ও রস টেইলরের উইকেট নিয়ে আজ বাংলাদেশের সেরা বোলার শরিফুল। চমৎকার বোলিং করলেও উইকেট পাননি তাসকিন আহমেদ। খুব একটা ধারাবাহিক না হলেও দ্বিতীয় নতুন বলে একটি উইকেট নেন এবাদত হোসেন।

আজ শরিফুলের ডেলিভারিতে অনেকবারই একটুর জন্য বলের কানা নেয়নি ব্যাট। কয়েকবার একটুর জন্য ফিল্ডার পর্যন্ত যায়নি ক্যাচ। তাই দিন শেষে আরো দুয়েকটা উইকেট না পাওয়ার আক্ষেপ থাকাই স্বাভাবিক। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল জানিয়েছেন সে কথাই।    

শরিফুল বলেন, আমি আমার পারফরম্যান্সে খুশি। তবে মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরো একটা-দুইটা উইকেট যেত, তাহলে আরেকটু খুশি লাগত। তবে দিন শেষ, ম্যাচের যে চিত্র তাতে খুশি।

দিন শেষে বাংলাদেশের ম্যাচে ফিরে আসায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মুমিনুল হকের। দ্বিতীয় নতুন বল নেয়ার আগে শেষ ওভারে তিনিই বিদায় করেন কনওয়েকে। বছরের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করে আরো সামনে এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাঁহাতি স্পিনে তাকে কট বিহাইন্ড করে থামান মুমিনুল।

থিতু ব্যাটসম্যানকে বিদায় করার অর্থ শরিফুলের ভালো করেই জানা। অধিনায়ককে প্রাপ্য কৃতিত্ব দেওয়ার সঙ্গে তিনি জানালেন দ্বিতীয় দিনের পরিকল্পনাও। এই পেসার বলেন, কনওয়ের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল, সে ভালো খেলছিল। মুমিনুল ভাই এসে ‘ব্রেক থ্রু’ দিল। এতে দলের জন্য অনেক উপকার হয়েছে।

টাইগার পেসার দ্বিতীয় দিনের পরিকল্পনা বলতে গিয়ে যোগ করেন, আমরা রান রেট কমিয়ে রাখার এবং ওদের তাড়াতাড়ি অলআউট করার চেষ্টা করব।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!