ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শরিফুল ও জয়ে মুগ্ধ বিশপ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫১, ২ জানুয়ারি ২০২২
শরিফুল ও জয়ে মুগ্ধ বিশপ
শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ লড়াই করছে বাংলাদেশ। বল হাতে কিউইদের ৩২৮ রানে অল আউট করার পর টাইগাররা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। যেখানে বড় ভূমিকা রাখা শরিফুল ও জয়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ইয়ান বিশপ।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে বল হাতে শরিফুল ইসলাম যেমন ভূমিকা রেখেছেন, তেমনই ব্যাট হাতে কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মাহমুদুল হাসান জয়ের। দুজনই আবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথম ইনিংসে শরিফুল শিকার করেন তিনটি উইকেট। অন্যদিকে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয় ৭০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে দেখাচ্ছেন আশার আলো।

Advertisement

এই দুই তরুণ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাদের এমন স্মরণীয় উত্থান দেখে আবেগে আপ্লুত ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শরিফুল ও জয়ের প্রতি নিজের মুগ্ধতাও প্রকাশ করেছেন তিনি।

এক টুইট বার্তায় বিশপ লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মত কঠিন কন্ডিশনে যুব বিশ্বকাপ জেতা সদস্য মাহমুদুল হাসান জয় ও শরিফুল ইসলামকে বাংলাদেশের হয়ে অবদান রাখতে দেখা দারুণ।’

পৃথক এক টুইট বার্তায় বিশপ বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘ম্যাচের ফলাফল এখনো বোঝা যাচ্ছে না। তবে বাংলাদেশ টেস্টে দারুণ দুটি দিন পার করল। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’

দূরে থাকলেও বিশপ যে বাংলাদেশের খেলার নিয়মিত দর্শক, সেটাই যেন তিনি বুঝিয়ে দিলেন আরেকবার। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!