বৃহস্পতিবার কন্যা সন্তানের পিতা হয়েছেন ডি কক। তার স্ত্রী সাশা ডি কক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরই মধ্যে সদ্যজাত কন্যার নাম স্থির করে ফেলেছেন ডি কক দম্পতি। সোশ্যাল মিডিয়াতেই কুইন্টন জানিয়েছেন, তার কন্যা সন্তানের নাম কিয়ারা।
এর আগে সবাইকে চমকে দিয়ে হুট করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পরপরই এমন সিদ্ধান্ত নেন তিনি।
.png)
কারণ হিসেবে কুইন্টন ডি কক বলেছিলেন, ‘বড় হতে চাওয়া পরিবারকে সময় দেওয়াই তার ইচ্ছা।’ তবে হঠাৎ করে নেয়া তার এমন অবসর নানা প্রশ্নের সৃষতি করে। কারণ বাবা হতে যাওয়ায় এমনিতেও সিরিজের পরের দুই টেস্টে ডি ককের খেলার কথা ছিল না। কিন্তু তার অবসরের ব্যাপারে এর আগে কোনো কিছুই শোনা যায়নি।
৫৪ টেস্টের ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে ৩ হাজার ৩০০ রান করেছেন ডি কক। উইকেট রক্ষক হিসেবে তার রয়েছে ২৩২টি ডিসমিসাল। নিজের অবসর নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া বিবৃতিতে কথা বলেছেন ডি কক।
সেই বিবৃতিতে ডি কক বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপর পরিবার গড়ে তুলতে চাই।’
তিনি আরো বলেন, ‘পরিবারই আমার কাছে সবকিছু এবং আমি আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই।’