সিলেট সরকারী শিশু পরিবারেই বেড়ে উঠেছে দুই খেলোয়াড় সিফাত ও ইকবাল। তামিম ভক্ত এই দুই খুদে খেলোয়াড় বাবা-মাকে হারিয়েছে বহু গাএ। ফলে জীবনের সব ইচ্ছে পূরণ তাদের কাছে স্বপ্নের মতো। তাদের নানা স্বপ্নের মাঝে একটি ছিল, তামিমের সঙ্গে দেখা করবেন।
এদিকে ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে তামিম ইকবাল এখন সিলেটে। তাই প্রিয় খেলোয়াড়ের সাহচর্য পেতে বুধবার টিম হোটেলে যায় দুই ভক্ত সিফাত ও ইকবাল। ইচ্ছে তাদের প্রিয় তারকাকে একনজর কাছ থেকে দেখা। ভাগ্য ভালো, সেই সন্ধ্যায় তামিম তখন অবস্থান করছেন হোটেলেই।
.png)
দুজনের কথা জানার পর তামিম নিজেই এগিয়ে যান। ভক্তদ্বয়ের সাথে ছবিও তোলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। সিফাত-ইকবালের কাছে এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার! এই দুজনকে নিজের একটি ক্যাপও উপহার দেন দেশসেরা ওপেনার।
তামিম দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছেন। তিন মাস পর এই প্রথম তিনি খেলতে নেমেছেন সিলেটে। সব শেষ তিনি গত বছর অক্টোবরের শুরুতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলেছিলেন। এর আগে জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত জুলাইয়ে, জিম্বাবুয়ে সফরে।
মূলত চোটের কারণে দীর্ঘদিন থেকে তামিম জাতীয় দলের বাইরে। খেলেননি ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ। এমনকি টি-২০ বিশ্বকাপেও তার সার্ভিস পায়নি বাংলাদেশ দল। তবে গত মাস থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলন করেন বেশ কিছু দিন। এবার ফিরলেন প্রতিযোগিতা মূলক ক্রিকেটে।