ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের পার্টিতে পুলিশের হানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ১৮ জানুয়ারি ২০২২
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের পার্টিতে পুলিশের হানা
অ্যাশেজ ট্রফি হাতে অজি ক্রিকেটাররা

সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে পারফরম্যান্সের দিক থেকে প্রায় বিপরীত অবস্থায় ছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। ৪-০ ব্যবধানে অজিরা অ্যাশেজ জেতার পর অবশ্য দুই দলের মাঝে আর কোনো দেয়াল থাকেনি। সিরিজ শেষে রাতভর পার্টি করেছেন অনেকেই। সকাল পর্যন্ত চলা সে উল্লাসে বাধা দিতে শেষ পর্যন্ত হানা দিতে বাধ্য হয়েছে তাসমানিয়া পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, হোবার্টের একটি রেস্তোরাঁয় বসে পান করছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন, ট্রেভিস হেড ও অ্যালেক্স ক্যারি। তাদের গায়ে তখনো ম্যাচের পোশাক।

এই তিন অস্ট্রেলিয়ানের সঙ্গী ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও পেসার জিমি অ্যান্ডারসন। এ সময় অন্তত চার পুলিশ সদস্য এসে বিনয়ের সঙ্গে তাদের এলাকা ছেড়ে যেতে বলছেন। সংবাদমাধ্যমে বলা হয়েছে, শোরগোলে বিরক্ত হয়ে পুলিশে খবর দিয়েছিলেন আশপাশের মানুষ।

Advertisement

এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বলা হচ্ছে, ক্রিকেটারদের বিরুদ্ধে বাইরে থেকে অভিযোগ করা হয়েছে। তারা পার্টি করার সময় উচ্চ শব্দে গান বাজানোতেই অভিযোগ করা হয়েছে বলেই দাবি।

ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা হোটেলের ছাদে পার্টিরত ক্রিকেটারদের বলছেন, ‘অনেক বেশি শব্দ হচ্ছে। আপনাদের নিশ্চিতভাবেই উঠে যেতে বলা হয়েছে। এ কারণেই আমাদের এখানে আসতে বলা হয়েছে। ঘুমানোর সময় হয়েছে। ধন্যবাদ।’

এ সময় পেছনের এক ক্লক টাওয়ারে সময় দেখাচ্ছিল সকাল সাড়ে ছয়টা। এর আগে এক খবরে বলা হয়েছিল, অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা রোববার ম্যাচ জেতার পর হোটেলেই ফিরেছেন রাত দেড়টার সময়। তবে তাদের যে উৎসব আরো চলেছে, সেটা এ ঘটনাই জানিয়ে দিয়েছে।

পাঁচ ক্রিকেটারই পুলিশের কথামতো রুমে ফিরেছেন। যিনি ভিডিও করছিলেন, তিনি পাঁচ ক্রিকেটারের নাম বলে বলেছেন, ‘এটা আইনজীবীদের জন্য করা হচ্ছে।’

এদিকে এ বিষয়ে তাসমানিয়া পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সোমবার সকালে ক্রাউন প্লাজা হোবার্টে গিয়েছিল তাসমানিয়া পুলিশ। কারণ, জমায়েতের একটি স্থান থেকে নেশাগ্রস্ত মানুষের ব্যাপারে অভিযোগ করা হয়েছিল আমাদের কাছে।’

তিনি আরো বলেন, ‘সকাল ছয়টার একটু পর অতিথিদের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাঁদের এলাকা ছাড়তে বলার সঙ্গে সঙ্গে তাঁরা সেটা মেনে নিয়েছেন। পুলিশ তাই আর কোনো ব্যবস্থা নেয়নি।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!