ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাশেজের ম্যাচ রেফারি করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের ম্যাচ রেফারি করোনায় আক্রান্ত
ডেভিড বুন

করোনার ছোঁয়া লেগেছে চলমান অ্যাশেজ সিরিজে। প্রথম ম্যাচ অফিসিয়াল হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তাকে এরই মধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এক বিবৃতির মাধ্যমে বুনের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ কারণে আসন্ন চতুর্থ টেস্টে নিজ দায়িত্বে থাকবেন না এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তার জায়গায় দায়িত্ব সামলাবেন আরেক ম্যাচ অফিসিয়াল স্টিভ বার্নাড।

বুনের করোনা পজিটিভের ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। সেখানে বলা হয়েছে, ডেভিড বুন মেলবোর্নেই থাকবেন। ভিক্টোরিয়ান রাজ্য সরকারের অধীনে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারের স্বাস্থ্য বিভাগ তার দেখভাল করবে।

Advertisement

অ্যাশেজের চলতি আসরে করোনায় আক্রান্তের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে সম্প্রচারক প্রতিষ্ঠানের কর্মী ও ধারাভাষ্যকারের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। 

ডেভিড বুন করোনা আক্রান্ত হওয়ার দিনে ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডের পরিবারের সদস্যরাও করোনা পজিটিভ হয়েছেন। যার কারণে সিলভারউডকেও ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

খেলোয়াড়দের মধ্যে সংক্রমণ রুখতে আয়োজকরা অবশ্য চেষ্টার কমতি রাখছেন না। চতুর্থ ম্যাচের ভেন্যু সিডনিতে সব ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্ট জিতে এরই মধ্যে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই শেষ ম্যাচ দুটি শুধুই নিয়ম রক্ষার। অজিদের কাছে এসব ম্যাচ কম গুরুত্বের হলেও চতুর্থ ম্যাচেই জয়ে ফিরতে চায় সফররত ইংল্যান্ড। তবে শুধুই চতুর্থ ম্যাচ নয়, শেষ দুটি ম্যাচ জিতেই দেশে ফিরতে চান জো রুটরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: অ্যাশেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!