ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ জানুয়ারি ২০২২
আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান

প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টি-২০তে হাজার রানের মাইলফলক, যার পথে খেলেছেন একগাদা দুর্দান্ত ইনিংস। ভারতকে ধসিয়ে দেওয়া অর্ধশতকটাও আছে তাতে, এর আগে-পরেও তার ব্যাট হেসেছে দারুণভাবেই। বিগত ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। সেটির পুরস্কারও পেলেন হাতেনাতে।

২০২১ সালের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে বর্ষসেরা টি-২০ দলেও জায়গা করে নেন তিনি।

রিজওয়ানের বর্ষসেরার খবর জানিয়ে এক বিবৃতি দিয়েছে আইসিসি। সেখানে বলা হয়েছে, 'দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস - আইসিসির টি-২০ বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।'

Advertisement

এমন এক অর্জনের পর রিজওয়ান যারপরনাই উচ্ছ্বসিত। তবে তার এই উচ্ছ্বাস নিজের চেয়েও বেশি হচ্ছে পাকিস্তানের জন্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভিডিওবার্তায় জানালেন তিনি। বললেন, 'পাকিস্তানের নামটা বিশ্বের সেরা দলগুলোর মাঝে দেখতে পাওয়াটা আনন্দের।'

তার এই সাফল্যের কৃতিত্ব তিনি একাই নিলেন না, ভাগ করে দিলেন সতীর্থদের মাঝেও। বললেন, 'পাকিস্তান দল বিশ্বসেরাদের কাতারে দাঁড়িয়ে আছে সবার কঠোর পরিশ্রমের ফলেই।'

গত বছর পাকিস্তানের হয়ে মোট ২৯টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। এতে ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। যা এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের রেকর্ড। আর উইকেটের পেছনে ডিসমিসাল করেছেন ২৪টি।

শুধু উইকেটের সামনেই নয়, উইকেটের পেছনেও তিনি ছিলেন যথেষ্ট সাবলীল। পাকিস্তান গেল টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, তার পেছনে রিজওয়ানের এমন অলরাউন্ডিং পারফর্ম্যান্সের অবদানও ছিল অসামান্য।

তবে গেল বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি, বছরটাও শেষ করেছেন উইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের এক ইনিংস দিয়ে। পুরো বছরজুড়েই এমন সব ইনিংস ধারাবাহিকভাবেই খেলে গেছেন রিজওয়ান।

এমন পারফর্ম্যান্সগুলোর মধ্যে সম্ভবত ভারতের বিপক্ষে ইনিংসটাকেই সবার আগে রাখবেন রিজওয়ান। তার অপরাজিত ৭৯ রানে ভর করেই যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পেয়েছিল পাকিস্তান, তাও আবার দশ উইকেটে হারিয়ে! এমন সব পারফর্ম্যান্সের স্বীকৃতিই মিলেছে এবার, আইসিসির বর্ষসেরা বনে গেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!