শনিবার রাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশদের। উইকেট বিবেচনায় ইংল্যান্ডের বিপক্ষে এটিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যবধানে জয়। ম্যাচে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন হোল্ডার। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
বার্বাডোজে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ২ ওভারের মধ্যে ১০ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার টম ব্যান্টনকে ৪ ও মঈন আলিকে খালি হাতে বিদায় করেন হোল্ডার। আরেক ওপেনার জেসন রয়কে ৬ রানে আউট করেন বাঁ-হাতি পেসার শেলডন কটরেল।
.png)
শুরুর ধাক্কাটা ইংল্যান্ডে মিডল অর্ডার ব্যাটাররাও সামলে উঠতে না পারায় ৪৯ রানে সপ্তম উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ইংলিশরা। জেমস ভিন্স ১৪, অধিনায়ক ইয়োইন মরগান ১৭, স্যাম বিলিংস ২ ও লিয়াম ডসন ২ রান করে আউট হন।
১২তম ওভারেই সপ্তম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়া ইংল্যান্ডকে শেষ পর্যন্ত শতরানে পৌঁছে দিয়েছেন ক্রিস জর্ডান-আদিল রশিদ ও সাকিব মাহমুদ। অষ্টম উইকেটে জর্ডান-রশিদ ২৯ বলে ৩৬, নবম উইকেটে রশিদ-সাকিব ১৮ বলে ১৮ রানের জুটি গড়েন।
যার সুবাদে ১০৩ রানে পৌঁছতে পারে ইংল্যান্ডের ইনিংস। রশিদকে ২২ ও সাকিবকে ৫ রানে শিকার করেন হোল্ডার। জর্ডান ২৩ বলে ৩টি ছক্কায় ২৮ রান করেন।
৩ দশমিক ৪ ওভার বল করে ৭ রানে ৪ উইকেট নেন হোল্ডার। টি-২০ ক্যারিয়ারে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পঞ্চম সেরা। এছাড়া কটরেল ২, আকিল হোসেন-রোমারিও শেফার্ড ও ফ্যাবিয়ান অ্যালেন ১টি করে উইকেট নেন।
১০৪ রানের সহজ লক্ষ্যে সহজেই স্পর্শ করেছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৫ বলে ৫২ রানের জুটি গড়েন দুই ওপেনার ব্রান্ডন কিং ও শাই হোপ। হোপ ২০ রানে ফিরলেও তিন নম্বরে নামা নিকোলাস পুরানকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন কিং।
টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন কিং। ৪৯ বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ২৭ রানে অপরাজিত থাকেন পুরান। ম্যাচ সেরা হয়েছেন হোল্ডার।
আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় টি-২০।