হালান্ডের সাম্প্রতিক ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় ডর্টমুন্ড
তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডের সাম্প্রতিক ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ২১ বছর বয়সী এই নরওয়েজিয়ান তরুণ এবারের মৌসুমে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডের হয়ে ২১ ম্যাচে ২৩ গোল করেছেন। শনিবার হফেনহেইমের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটিতেও প্রথম গোলটি হালান্ডই করেছেন।
তবে ম্যাচের ৬৩ মিনিটে কুঁচকিতে চোট পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন হালান্ড। সোমবার পর্যন্ত ইনজুরির মাত্রা ও এ কারণে তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
বুন্দেসলিগা ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ও সোমবার হালান্ডের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী হালান্ডের পেশীতে চোট রয়েছে যার জন্য কিছুদিনের চিকিৎসার প্রয়োজন। তবে আগামী কয়েকদিন আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত ভাবে সব বলা যাবে।
.png)
এরই মধ্যে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০টি ম্যাচে অনুপস্থিত ছিলেন হালান্ড। কোমরের ইনজুরির কারণে গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে যখন তিনি মাঠের বাইরে ছিলেন ঐ সময় ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
দুই সপ্তাহের শীতকালীন বিরতি কাটিয়ে বুন্দেসলিগা মাত্রই শুরু হয়েছে। ডর্টমুন্ড আশা করছে তাদের তারকা ফরোয়ার্ড দ্রুতই দলে ফিরে আসবে।
এ প্রসঙ্গে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আশা করছি কোন ধরনের বড় সমস্যা ছাড়া দ্রুতই হালান্ড দলে ফিরে আসবে। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে সে গোল করতে ভালবাসে, মাঠে ফিরে যেন তার সেই আশা পূরণ হয়। এজন্য তার প্রতি শুভকামনা রইলো’।
ডর্টমুন্ডের সঙ্গে হালান্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত রয়েছে। ট্রান্সফার মার্কেটে জোড় গুজব রয়েছে চলতি মৌসুমের পরে তিনি ডর্টমুন্ড ছেড়ে চলে যাচ্ছেন।