ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন টেলর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ২৮ জানুয়ারি ২০২২
সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন টেলর
ব্রেন্ডন টেলর

কিছুদিন আগেই নিজের ভুল স্বীকার করে একটি বিবৃতি দিয়েছিলেন ব্রেন্ডন টেলর। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন এই জিম্বাবুয়ে তারকা।

অবশেষে আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত হয়েছে। চারটি নিয়ম ভাঙার অভিযোগে সাড়ে তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে টেলরকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু)।

জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর বিলম্ব না করে টেলর আইসিসি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জানাননি। এই অপরাধেই তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে।

Advertisement

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ব্রেন্ডন টেলর তার শাস্তি মেনে নিয়েছেন। তার এই শাস্তি শুরু হবে আজ তথা ২৮ জানুয়ারি থেকে। ব্রেন্ডন টেলরের প্রতি জুয়াড়ির প্রস্তাব গোপন ছাড়াও আলাদা একটি অভিযোগ আনা হয়েছে, ডোপিং সম্পর্কিত আইসিসির নিয়ম ভঙ্গেরও।

টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে টেলর স্বীকার করেন যে তিনি ভারতে একজন অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে কোকেন গ্রহণ করছেন- এমন একটি ছবি তোলা হয়েছে। ওই লোকটি পরে সেই ছবি ভিডিওতে ব্যবহার করে এবং ব্রেন্ডন টেলরকে ব্ল্যাকমেইল করে স্পট ফিক্সিংয়ে রাজি করানোর জন্য।

৩৬ বছর বয়সী টেলর এরপর একটি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে ভর্তি হন। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন টেলর। এরপর অবসরের ঘোষণা দেন তিনি। আইসিসির এমন নিষেধাজ্ঞায় তার অন্য কোথাও ক্রিকেট খেলার সুযোগও কার্যত শেষ হয়ে গেল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!