ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল নিয়ে চিন্তা মানে ‘সময় নষ্ট’!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল নিয়ে চিন্তা মানে ‘সময় নষ্ট’!
প্যাট কামিন্স

খুব বেশি দিন আগের কথা নয়। এইতো ২০১৯ আইপিএলের নিলামেই রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। সেই কামিন্সের কাছে এবার আইপিএল নিয়ে চিন্তাকে মনে হচ্ছে ‘সময় নষ্ট’ করা!

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসরের নিলাম। নিলামে প্রতিবারই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ওপর ফ্র্যাঞ্চাইজিদের প্রখর দৃষ্টি থাকে। তবে এবারের নিলামের আগে তাদের নিয়ে দল গোছানোর কৌশল সাজানো ফ্র্যাঞ্চাইজিরা পড়েছে বিপাকে।

১৯৯৮ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটের দ্বিপাক্ষিক এই সিরিজ শেষ হবে ৫ এপ্রিল। অস্ট্রেলীয় ক্রিকেটাররা যদি ৬ এপ্রিল ভারত পৌঁছান, তাহলে ৫ দিনের কোয়ারেন্টিন মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অপেক্ষা করতে হবে ১১ এপ্রিল পর্যন্ত। তাতে লিগ পর্বের ৪ থেকে ৫টি ম্যাচ খেলতে পারবেন না তারা।

Advertisement

এমন পরিস্থিতিতে আইপিএলের নিলামের আগে অজিদের নিয়ে দুর্ভাবনায় ফ্র্যাঞ্চাইজিরা। এ নিয়ে অবশ্য অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের কোনো মাথাব্যথা নেই। তিনি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, আইপিএল নিয়ে এখন কোনো ভাবনাই নেই তার!

এ বিষয়ে কামিন্স বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩, ১৪ না ১৫ ফেব্রুয়ারি তা আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করিনি।’

পাকিস্তান সফরের জন্য কামিন্সের নেতৃত্বাধীন টেস্ট দল তারকায় ঠাসা। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মত আইপিএলের সব ‘হট কেক’ই যাচ্ছেন পাকিস্তান সফরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, খেলোয়াড়দের কাছে আগে প্রাধান্য পাবে জাতীয় দলের খেলা।

বেইলি বলেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সবসময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব হবে না।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!