ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রামের জয়, খুলনার বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২
শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রামের জয়, খুলনার বিদায়
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। শ্বাসরুদ্ধকর হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। অন্যদিকে এই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খুলনা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম। জবাবে ১৮২ রানে আটকে যায় খুলনা। ফলে ৭ রানে জয় পায় চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাঝে যে দল হারবে, তাদের বিপক্ষে লড়বে চ্যালেঞ্জার্স।

জয়ের জন্য শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম তিন বলে ৩ রান নেন ফ্লেচার ও পেরেরা। পরের বলে ৪ হাঁকালেও শেষ দুই বলে আর প্রয়োজনীয় রান নিতে পারেনি খুলনা। 

Advertisement

খুলনার হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে এদিন ব্যর্থ হন মাহেদী হাসান। তিনি ২ রানে আউট হওয়ার পর ১ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। এ সময় আগের ম্যাচের নায়ক আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিম মিলে বড় জুটি গড়েন।

২৯ বলে ৪৩ রান করে আউট হন মুশফিক। ইয়াসির রাব্বি ৪৫ রান করে আউট হন। অন্যপ্রান্তে খুলনার হয়ে একাই লড়াই করছিলেন ফ্লেচার। কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ রানে। 

এর আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন জাকির হাসান।

অধিনায়ক আফিফ হোসেন এদিন ৩ রানের বেশি করতে পারেননি। শুরুতেই ২ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কেনার লুইস ও চ্যাডউইক ওয়ালটন। দুজনে গড়েন ৩৮ রানের জুটি। লুইস ৩৯ রান করে আউট হন। তার জায়গায় নামা শামীম হোসেন করেন ১০ রান।

এর পরের গল্পটা ওয়ালটন আর মেহেদি হাসান মিরাজের। এই দুই ব্যাটারের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়েন খুলনার বোলাররা। শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে গড়েন ৫৮ বলে ১১৫ রানের বিধ্বংসী জুটি। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন মিরাজ।

অন্যপ্রান্তে ৪৪ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ালটন। শেষে নামা বেনি হাওয়েল ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। খুলনার হয়ে খালেদ আহমেদ দুটি, নাবিল সামাদ, রুয়েল মিয়া ও মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!