নিজের ক্যারিয়ারে অনেকগুলো বিশ্বকাপ খেললেও লিওনেল মেসির এখন পর্যন্ত বিশ্বকাপ শিরোপা ছোঁয়া হয়নি। ২০১৪ সালে বিশ্বকাপ শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে জার্মানদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি নিঃসন্দেহে বর্তমান আর্জেন্টিনা দলেরও সেরা তারকা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা তারকা হয়েই যাচ্ছেন মেসি। বিশ্বকাপ জয়ের জন্য পাচ্ছেন আরেকটি সুযোগ।
.png)
ক্লাবের হয়ে প্রতিটা বড় শিরোপা জিতেছেন মেসি। ব্যালন ডি অর তথা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সাতবার, জিতেছেন ফিফা বর্সসেরা খেলোয়াড়ের পুরষ্কারও।
এর বাইরে জাতীয় দলের হয়ে জিতেছেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা। এছাড়া তার ট্রফি কেবিনেটে আরো আছে অলিম্পিকের গোল্ড মেডেল এবং সেই সঙ্গে বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপাও।
এতসব অর্জনের মধ্যেও এখন পর্যন্ত তার অধরাই থেকে গেছে বিশ্বকাপের শিরোপা। কাতার বিশ্বকাপেই তার সামনে আরও একটি সুযোগ ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার ট্রফিটি নিজের করে নেয়ার।
ফুটবলে অনেক কিছু করা লিওনেল মেসির এখন ফুটবলের কাছেই একটি বিশ্বকাপ পাওনা বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা খুবই সুন্দর হবে যদি সকল আর্জেন্টাইনদের জন্য বিশ্বকাপ অর্জন করা যায়।
তিনি আরো বলেন, আমি মনে করি ফুটবলের কাছেই মেসির একটা বিশ্বকাপ পাওনা। ফুটবলের জন্য মেসি যা করেছে তারজন্য ফুটবল তার কাছে ঋণী। আমি জানি না আমরা ফেবারিট কিনা, কিন্তু আমরা যেকোন দলের সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকবো।